
গোলাপগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আব্দুল আলিম নামের এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দরপুর বাজারে সেবা টেইলার্সে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আব্দুল আলিমের মা আয়েশা খাতুন গোলাপগঞ্জ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা (মামল নং-৪/ তারিখ-০৫-০৭-২০২৬ইংরেজি) দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, চন্দরপুর গ্রামের মৃত মোক্তাদির আলীর ছেলে ছয়ফুল ইসলাম উরফে ছলফু (৩৮), মছন মিয়ার ছেলে উজ্জল (৩৫), বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের আব্দুল মানিকের ছেলে মো. জাকির হোসেন (৩৬), মৃত মাতাব উদ্দিনের ছেলে লালাই মিয়া (৪৫) ও আমকোনা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে এনাম উদ্দিন (৩৬)।
মামলার এজহার সূত্রে জানা যায়,, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দরপুর বাজারে আব্দুল আলিমের মালিকানাধীন ‘সেবা টেইলার্স’ দোকানে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলার সময় আসামিরা দোকানে ঢুকে ভিকটিমকে প্রাণে মারার উদ্দেশ্যে রাম দা, মেগা লাইট, কাঠের রুলসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এজহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় দোকানের থাকা মোট, ৭০ হাজার ৫০০ টাকা, দুটি স্যামসাং মোবাইল ফোন, দোকানে মালামাল এবং আলমারিতে থাকা আরও নগদ টাকা নিয়ে যায় অভিযুক্তরা। এতে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ, এর আগে ভিকটিমের ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার জেরে ক্ষুব্ধ হয়ে আসামিরা এ হামলা চালিয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম।