কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে খুলল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে গেল ১৮ জুন থেকে পর্যটন কেন্দ্রটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকা ও পর্যটকদের নিরাপত্তার শর্তে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি পর্যটন কেন্দ্রটি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।রোববার বিকালে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিত কুমার চন্দ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধলাই নদীতে স্রোতের তীব্রতা বাড়লে কোনো অবস্থাতেই পর্যটনঘাট থেকে নৌকা ছেড়ে যাবে না। সার্বিক অবস্থা বিবেচনা করে খাস আদায় কমিটির সিদ্ধান্তে নৌকা চলাচল করবে। নৌকার মাঝি ও যাত্রীদের পর্যাপ্ত লাইফ জ্যাকেট পরিয়ে নৌকা ঘাট থেকে ছাড়তে হবে। পর্যটকরা পানিতে নামতে ও সাঁতার কাটতে পারবেন না। নৌকায় উঠে হৈ-হুল্লোড় করা যাবে না। নিরাপত্তার স্বার্থে মহিলা ও শিশু পর্যটক আপাতত নৌকায় ভ্রমণ করতে পারবেন না। মাঝিদের পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে দোকান-পাট বসাতে হবে।