গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ফটো সাংবাদিক ফাহাদ আহমদের বাড়িতে ছাত্রলীগের নেতাকর্মীরা তল্লাশি চালিয়েছে। এসময় তারা ফাহাদ আহমদকে না পেয়ে ফাহাদের পরিবারকে হুমকি ধামকি প্রদান করে। এছাড়াও ফাহাদকে পেলে তারা হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। এ নিয়ে ফাহাদের পরিবার আতংকের মধ্যে রয়েছে।ফাহাদ আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
ফাহাদের পিতা নিজাম উদ্দিন জানান, ছাত্রলীগের কয়েকজন সন্ত্রাসী আমার ছেলের খুঁজে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার বাড়িতে এসেছিল। তারা আমাদের বাড়িতে ফাহাদকে খুঁজতে তল্লাশি চালায়। আমাদের মালামাল এলোমেলো করে রেখে যায়। তারা জানায়, ফাহাদকে পেলে তারা হত্যা করবে। ফাহাদ নাকি তাদের বিরুদ্ধে নিউজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছে। এ ঘটনার পর আমি থানায় গিয়েছিলাম কিন্তু পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করবেনা বলে আমাদের জানায়।
জানা যায়, নিউজ প্রকাশের জেরে ফাহাদকে হত্যা করতে বেশ কয়েক দিন ধরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব ও সদস্য আকিল সহ বেশ কয়েকজন সাংবাদিক ফাহাদের উপত ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার জন্য খুঁজছিলেন। তারা ফাহাদকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ফাহাদের বাড়িতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে তারা তল্লাশি চালায়।