
সদ্য সমাপ্ত (গত ৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা ফলাফল বাতিলের দাবিতে ও হরতালের সমর্থনে সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির।
আজ (১২ জানুয়ারি) সকালে গোলাপগঞ্জ কদমতলী পয়েন্ট এলাকায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর কিছু সংখ্যক নেতাকর্মী সড়ক অবরোধ করে ঝটিকা মিছিল করে।
এসময় তারা গত ৩০ ডিসেম্বরের নির্বাচনকে একতরফা ও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে নানান শ্লোগান দেয়। এসময় গোলাপগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মুহিবউল্লাহ’র পরিচালনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মো: ফজলে রাব্বি চৌধুরী।
বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে মো:ফজলে রাব্বি চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি আরও বলেন, এই ভোটে ব্যাপক অনিয়ম ও বিশাল ব্যবধানে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করেছে তাই এই ফলাফল বাতিল করে পুনঃ তফসিল দিতে হবে নাহলে জনগণের তীব্র আন্দোলনের মুখে এই অবৈধ সরকারের পতন হবে।
এদিকে, মিছিল শেষে বাড়িতে যাওয়ার পথে রায়হান ও রানা নামের দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। দুই কর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মো: ফজলে রাব্বি চৌধুরী।